‘উইটসা আইসিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ছয় বিজয়ী
তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা আইসিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে ‘উইটসা অ্যাওয়ার্ড সেলিব্রেশন’ উদযাপন করলো বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সোমবার বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরে সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে বিজয়ীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।
ই-এডুকেশন অ্যান্ড লার্নিং বিভাগে পুরস্কার জয়ী বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুঁই এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিভাগে সরকারের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্পের পুরস্কার গ্রহণ করেন প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক।
এছাড়াও ইনোভেটিভ ই-হেলথ সলুসনস বিভাগে বিজয়ী মাইসফটের মাই হেলথ বিডির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক, ডিজিটাল অপরচুনিটি অর ইনক্লুশন বিভাগে জয়ী নগদ এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন এবং সাসটেইনেবল গ্রোথ বিভাগে ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি এর সিওও ইকবাল আহমেদ ফখরুল হাসান এই সম্মাননা পদক গ্রহণ করেন।
সবশেষে কোভিড ১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ বিভাগে বিজয়ী সিনেসিস আইটি এবং প্রকল্প সহযোগী এটুআই এর পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী।
বিসিএস সভাপতি শাহীদ উল মুনীর উইটসার এশিয়া প্যসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্বারক উপহার দেন আইসিটি সচিব এন এম জিয়াউল আলম।
বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়ার পর ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্ভাবন ও সৃজনশীলতা দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন এগিয়ে যাচ্ছে বলে বিজয়ীদের অভিনন্দন জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’র (উইটসা) চেয়ারম্যান ইয়ানিস সিরোস, সদ্য বিদায়ী চেয়ারম্যান ইভোনি চিউ এবং একই সংগঠনের মহাসচিব ড. জেমস এইচ. পয়সান্ট ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ এখন আগামীর বিশ্বকে প্রযুক্তি খাতে নেতৃত্ব দেয়ার দাবিদার বলে মন্তব্য করেন।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দে।